অনলাইন ডেস্ক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে এক বাংলাদেশি বিএসএফের গুলিতে আহত হয়েছেন বলে অভিযোগ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আহত ব্যক্তির নাম মো. রুবেল খান (৩১)। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার (৪ আগস্ট) বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে মহেশপুর সীমান্তের ৬০/১৫৮-আর ও ৬০/১৫৯-আর প্রধান সীমান্ত পিলারের মধ্যবর্তী শ্যামকুর মাঠপাড়া এলাকার বিপরীতে ভারতের প্রায় ৫০০ গজ অভ্যন্তরে একটি আমবাগানে মো. রুবেল খান বিএসএফের গুলিতে আহত হন।
আহত রুবেল খানের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুর মাঠপাড়া এলাকায়। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার পর সংশ্লিষ্ট সীমান্তে দায়িত্ব পালনকারী বিএসএফের ১৯৪ ব্যাটালিয়নের মাহেন্দ্র কোম্পানি সদর দপ্তরের সঙ্গে বিজিবি তাৎক্ষণিক যোগাযোগ করে। তবে বিএসএফ রাবার বুলেট নিক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানিয়েছে, ঘটনাটি নিয়ে তারা প্রয়োজনীয় নজরদারি অব্যাহত রেখেছে। পাশাপাশি সীমান্তে চোরাচালান ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং সীমান্তে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে।
—জা.অর্থনীতি/জেআরটি
