গোপালগঞ্জে ২০২৫ সালে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
ছবি: জাতীয় অর্থনীতি

গোপালগঞ্জ প্রতিনিধি: "আনন্দধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃতরস উথলি যায় অনন্ত গগনে"-এ স্লোগানকে সামনে রেখে ২০২৫ সালের প্রাথমিকের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টায় গোপালগঞ্জ সদর উপজেলার এস এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে ডা. রাবেয়া আক্তারের (এস এম সি) সভাপতিত্বে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সভার আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান, জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছা. জ্যোৎস্না খাতুন। 

শিক্ষার্থীদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়ে সভায় বক্তারা বলেন, তোমাদের এ অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং জাতির জন্য এক গৌরবময় অর্জন। নিষ্ঠা, পরিশ্রম ও শৃঙ্খলার মাধ্যমে তোমরাই একদিন দেশ পরিচালনায় নেতৃত্ব দেবে। নৈতিক মূল্যবোধ চর্চা এবং শৃঙ্খলাপূর্ণ জীবন গঠনের পাশাপাশি সময়ের সঠিক ব্যবহার ও নিয়মিত অধ্যয়ন একজন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে।

পরে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, সনদপত্র, ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় এস এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ এর শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

—জা. অর্থনীতি/এনজে