কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকার সি স্পোর্টস প্যারাসেইলিং পয়েন্টে প্যারাসেইলিং করার সময় ছিটকে সমুদ্রে পড়ে শৌভিক রায় নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
শনিবার (১ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শৌভিক রায়ের বাড়ি খুলনা জেলায়। তিনি ৯ সদস্যের একটি পর্যটক দলের সঙ্গে কক্সবাজার ভ্রমণে এসেছিলেন।
জানা গেছে, প্যারাসেইলিং চলাকালে হঠাৎ তিনি নিরাপত্তা সরঞ্জাম থেকে ছিটকে সমুদ্রে পড়ে গুরুতর আহত হন। পরে সি স্পোর্টস প্যারাসেইলিং কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হঠাৎ ঘটে যাওয়া এ দুর্ঘটনায় নিহতের স্বজন, সহযাত্রী ও সফরসঙ্গীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়দের অভিযোগ, কক্সবাজারে দীর্ঘদিন ধরে প্যারাসেইলিং কার্যক্রম পরিচালিত হলেও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন রয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলীর মুঠোফোনে যোগাযোগ করা হয়। ফোন না ধরায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
—জা.অর্থনীতি/আইবিএম