ঠাকুরগাঁও প্রতিনিধি: সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষের জন্য প্রধানমন্ত্রী ১০০ কোটি টাকার একটা ফান্ড তৈরি করেছেন বলে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বরাদ্দকৃত সেলাই মেশিন, বাইসাইকেল, শিক্ষাবৃত্তির চেক ও ঘর বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নৃগোষ্ঠী সমতলের একজনকে এবারই প্রথম সংসদীয় আসনে মনোনয়ন দিয়েছে, একই সঙ্গে খ্রিষ্টান সম্প্রদায়, হিন্দু সম্প্রদায় তফসিলভুক্ত মহিলাদেরকেও নমিনেশন দেওয়া হয়েছে। আমরা এভাবে সব কমিউনিটির কাছে আসতে চাই। তাদের সমস্যাগুলো সমাধান করতে চাই।
তিনি আরও বলেন, যারা উদ্যোক্তা হতে চান, বিনিয়োগ করতে চান কিংবা ছোট ছোট প্রতিষ্ঠান গড়ে তুলতে চান, তাদের এ তহবিল থেকে সহায়তা দেওয়া হবে। পাশাপাশি তাদের এলাকায় কোনো সমস্যা থাকলে তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
শিক্ষা খাতে সবচেয়ে বেশি বিনিয়োগ করতে চায় সরকার
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন ধরে তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। অনেক ক্ষেত্রেই তাদের জমি দখল হয়ে যায়। নিজেদের অধিকার আদায়ে এগিয়ে আসতে হবে। বৈষম্য দূর করে সব শ্রেণি-পেশার মানুষকে এক কাতারে আনার লক্ষ্যেই সরকার কাজ করছে।
নতুন যাত্রার অংশ হিসেবে সরকার কয়েকটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে জানিয়ে তিনি বলেন, দরিদ্র পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু, নারীর ক্ষমতায়ন জোরদার, কৃষকদের জন্য কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি এবং ধর্মীয় নেতাদের জন্য ভাতা দেওয়া হবে। পাশাপাশি সাবেক খেলোয়াড়দের জন্যও ভাতার ব্যবস্থা করা হয়েছে।
—জা. অর্থনীতি/এনজে