খাগড়াছড়ি প্রতিনিধি: হবিগঞ্জে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সংগঠক সারজিস আলম, সংবাদকর্মী ও পরিবহন শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খাগড়াছড়ি জেলা কমিটি।
বুধবার (২৯ জুলাই) বিকেল ৫টায় খাগড়াছড়ি শহরের মহাজনপাড়া এলাকায় দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা। মিছিলটি শহরের চেঙ্গী স্কয়ার প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন এনসিপি খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি মো. নুরুল আলম। তিনি অভিযোগ করে বলেন, হবিগঞ্জে বিএনপির নেতাকর্মীরা বিনা উসকানিতে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নুরুল আলম বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এ ধরনের ঘটনা কেউ প্রত্যাশা করে না। নতুন বাংলাদেশে সহিংস রাজনীতির কোনো স্থান নেই। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না করার আহ্বান জানিয়ে তিনি সংশ্লিষ্টদের সতর্ক করেন এবং বলেন, “জুলাইয়ের যোদ্ধারা এখনো রাজপথে রয়েছে।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত এনসিপির নেতাকর্মীরা অংশ নেন।
—জা. অর্থনীতি/এলএটি