মিরসরাইয়ে সড়ক সম্প্রসারণ ও পাকাকরণ কাজের উদ্বোধন
ছবি: জাতীয় অর্থনীতি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই উপজেলার যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে মিঠাছড়া থেকে বামনসুন্দর পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ সড়ক সম্প্রসারণ ও পাকাকরণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে দীর্ঘদিনের জরাজীর্ণ সড়ক সংস্কারের মুখ দেখায় স্বস্তি ফিরছে স্থানীয়দের মাঝে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে মিঠাছড়া বাজারে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজের শুভ সূচনা করেন চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন।

দীর্ঘদিনের জনদাবির প্রেক্ষিতে বাস্তবায়নাধীন এ প্রকল্পকে ঘিরে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আশাবাদের সঞ্চার হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের অর্থায়নে প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হতে যাওয়া এ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য নুরুল আমিন বলেন, “এই সড়কটি শুধু একটি রাস্তা নয়, এটি এ অঞ্চলের মানুষের অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত। সড়কটির সম্প্রসারণ ও পাকাকরণ সম্পন্ন হলে কৃষিপণ্য দ্রুত বাজারজাত করা সম্ভব হবে, শিক্ষার্থী ও রোগীদের যাতায়াত আরও সহজ হবে এবং সড়ক দুর্ঘটনার ঝুঁকিও কমে আসবে।”

তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজের গুণগত মান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।

উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক জসিম উদ্দিন, সাবেক সদস্য সচিব আজিজুল হক, মীরসরাই উপজেলা এলজিইডির প্রকৌশলী সাফায়েত ফারুক চৌধুরী, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয়দের প্রত্যাশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে বামনসুন্দর ও আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থা, বাণিজ্যিক কার্যক্রম এবং সার্বিক অবকাঠামোগত উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হবে।  

—জা. অর্থনীতি/এলএটি