নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, দীর্ঘদিনের প্রশাসনিক রাজনীতিকরণের ধারা থেকে বেরিয়ে এসে জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবকে পরিণত করতে হবে।
রোববার (১৯ জুলাই) রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে 'জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৬' উপলক্ষে আয়োজিত ৪ দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রতি জনগণের উচ্চ প্রত্যাশা রয়েছে। সেই প্রত্যাশা পূরণে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে হবে।
তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, "নিজেদের শাসক নয়, জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে।"
তিনি বলেন, কেবল আনুষ্ঠানিক কর্মশালা আয়োজনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; জনকল্যাণে বাস্তব ফল বয়ে আনে—এমন কার্যক্রম গ্রহণ করতে হবে।
এছাড়া প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে দেশের পরিসংখ্যান ব্যবস্থার আমূল সংস্কারের ওপরও গুরুত্বারোপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তার অভিযোগ, বিগত ১৭ বছরে রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন জাতীয় পরিসংখ্যান বিকৃত করা হয়েছে। সঠিক নীতি প্রণয়নের জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-কে আরও শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করার প্রয়োজন রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
অর্থনীতিকে টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও রেমিট্যান্স খাতকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার সম্প্রসারণের ওপরও জোর দেন মন্ত্রী। একই সঙ্গে জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা কার্যক্রম আরও সক্রিয় করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারের নীতি বাস্তবায়নে প্রশাসনের দায়িত্ব হলো বিধি-বিধান মেনে প্রকল্প গ্রহণ ও কার্যকরভাবে বাস্তবায়ন করা। নির্বাচিত সরকারের নির্বাচনী অঙ্গীকার ও নীতিমালা বাস্তবায়নই সরকারি কর্মকর্তাদের প্রধান দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন।
—জা. অর্থনীতি/এনজে