সৌদির তেল স্থাপনায় হামলার হুমকি হুথিদের

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের সংঘাতে নতুন করে জড়িয়ে পড়লে সৌদি আরবের তেলক্ষেত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) টেলিভিশনে দেওয়া ভাষণে হুথি নেতা আব্দুল মালিক আল-হুথি বলেন, সানা বিমানবন্দরে হামলার জবাবে রিয়াদ বিমানবন্দরসহ সৌদির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হবে। তিনি বলেন, ‘বিমানবন্দরের বদলে বিমানবন্দর, বন্দরের বদলে বন্দর এবং অবরোধের বদলে অবরোধ’-এটাই তাদের অবস্থান।

গত সোমবার হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের একটি বিমানবন্দরে সৌদি আরব হামলা চালায়। এর জবাবে হুথিরাও সৌদির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে চার বছর ধরে কার্যকর থাকা যুদ্ধবিরতি কার্যত ভেঙে যায়।

এর আগে ২০১৯ সালে সৌদির দুটি প্রধান তেল স্থাপনায় হামলার দায় স্বীকার করেছিল হুথিরা। ওই হামলায় দেশটির অপরিশোধিত তেল উৎপাদনের অর্ধেকের বেশি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ২০২২ সালেও জেদ্দায় আরামকোর একটি পেট্রোলিয়াম পণ্য বিতরণ কেন্দ্রে হামলার ঘটনা ঘটে।

২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিয়ে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দেশটিতে অভিযান শুরু করার পর থেকে সংঘাত দীর্ঘায়িত হয়েছে। বর্তমানে ইয়েমেন সৌদি-সমর্থিত সরকার ও হুথি প্রশাসনের নিয়ন্ত্রিত দুই অংশে বিভক্ত।

সূত্র: রয়টার্স

জা.অর্থনীতি/এসআই