গোপালগঞ্জে শ্রদ্ধা ও ভালোবাসায় জুলাই শহিদ দিবস উদযাপন
ছবি: জাতীয় অর্থনীতি

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত হয়েছে। গোপালগঞ্জের সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে জুলাই শহিদ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জুলাইয়ের শহিদদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরা হয় এবং তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় শহরের গোপালগঞ্জ শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে ছাত্র-জনতার আন্দোলনে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন পর্বে সর্বপ্রথম গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে পর্যায়ক্রমে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ এবং জেলা পরিষদের পক্ষে প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার কৌশিক আহমেদ শ্রদ্ধা নিবেদন করেন। 

এ ছাড়া গোপালগঞ্জ পৌরসভার প্রশাসক, গোপালগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার অমিত দেব নাথ, গোপালগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মোঃ ফারুক, জেলা এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোবিন্দ চন্দ্র সরদার, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপি'র সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহিদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে জেলা বিএনপি ও সহযোগী সংগঠন এবং উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পৃথকভাবে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, শ্রমজীবী ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।

আলোচনা সভা শেষে জুলাই শহিদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

—জা. অর্থনীতি/এলএটি