আন্তর্জাতিক ডেস্ক: জুনের শেষ দিকে পশ্চিম ইউরোপজুড়ে বয়ে যাওয়া রেকর্ড তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার ৬৫০ জনের বেশি মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় মৃত্যুহার পর্যবেক্ষণ নেটওয়ার্ক ইউরোমোমো।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ২২ থেকে ২৮ জুন পর্যন্ত ২৭টি ইউরোপীয় দেশের মৃত্যুর পরিসংখ্যান বিশ্লেষণ করে এই হিসাব পাওয়া গেছে। নিহতদের মধ্যে ৯ হাজারের বেশি মানুষ ছিলেন ৬৫ বছর বা তার বেশি বয়সী।
বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত গরমে হিট স্ট্রোকের পাশাপাশি হৃদ্রোগ ও শ্বাসতন্ত্রের সমস্যায় আক্রান্তদের মৃত্যুঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে বয়স্ক মানুষরা তাপপ্রবাহে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন।
ডেনমার্কের স্টেটেন্স সিরাম ইনস্টিটিউটের প্রধান চিকিৎসক লাসে ভেস্টারগার্ড বলেন, বছরের এই সময়ে এত বেশি অতিরিক্ত মৃত্যু অস্বাভাবিক। তার মতে, চরম তাপমাত্রাই এই মৃত্যুহারের বড় কারণ হওয়ার সম্ভাবনা বেশি।
জলবায়ু বিজ্ঞানীরা জানিয়েছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাব ছাড়া জুনের শেষের এই ধরনের তীব্র তাপপ্রবাহ প্রায় অসম্ভব ছিল। বৈশ্বিক উষ্ণতা বাড়ার কারণে এমন তাপপ্রবাহ আরও ঘন ঘন ও ভয়াবহ হচ্ছে।
তথ্য অনুযায়ী, ফ্রান্স, স্পেন, যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে তাপপ্রবাহের সময় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে, স্কুল বন্ধ রাখা হয় এবং অনেক এলাকায় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙে যায়।
ইউরোমোমো জানিয়েছে, ফ্রান্স ও বেলজিয়ামে জুনের শেষ সপ্তাহে মৃত্যুহার ছিল অত্যন্ত বেশি। বেলজিয়ামে ২০০০ সালের পর থেকে কোনো তাপপ্রবাহে এবারই সর্বোচ্চ অতিরিক্ত মৃত্যুর রেকর্ড হয়েছে।
এদিকে, যুক্তরাজ্যের আলাদা এক গবেষণায় বলা হয়েছে, মে ও জুনের তাপপ্রবাহে ইংল্যান্ড ও ওয়েলসে প্রায় ২ হাজার ৭০০ মানুষের মৃত্যু হয়েছে। গবেষকদের হিসাব অনুযায়ী, এর প্রায় ৪২ শতাংশ মৃত্যুর পেছনে জলবায়ু পরিবর্তনের কারণে বেড়ে যাওয়া অতিরিক্ত তাপমাত্রার ভূমিকা ছিল।
জা.অর্থনীতি/এসআই