বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ৩ শতাংশের বেশি

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা নতুন করে তীব্র হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে এ ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।

সোমবার (১৩ জুলাই) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ৩.৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৮.৩৫ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৩.১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৭৩.৬২ ডলারে।

সাম্প্রতিক হামলা-পাল্টা হামলার ঘটনায় হরমুজ প্রণালি ঘিরে নিরাপত্তা উদ্বেগ আরও বেড়েছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রণালিটি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত থাকার দাবি করেছেন, ইরান এর আগে অনুমোদনহীন একটি জাহাজে হামলার পর প্রণালিটি বন্ধের ঘোষণা দিয়েছিল।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ক্লেপলারের তথ্য অনুযায়ী, রোববার হরমুজ প্রণালি দিয়ে মাত্র ছয়টি জাহাজ চলাচল করেছে, যা গত পাঁচ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।

এদিকে, যুক্তরাষ্ট্র-ইরানের অন্তর্বর্তী চুক্তির ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে, চুক্তির পর জুনে বৈশ্বিক তেল সরবরাহ কিছুটা বেড়েছে, তবে তা এখনও যুদ্ধ শুরুর আগের অবস্থার তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। বিশ্লেষকদের মতে, নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় সংঘাত দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা আরও ক্ষীণ হয়েছে।

জা.অর্থনীতি/এসআই