১৬ জুলাই থেকে আবারও বাড়তে পারে বৃষ্টিপাত
ছবি: জাতীয় অর্থনীতি

নিজস্ব প্রতিবেদক: টানা কয়েকদিনের ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পর আগামী ১৫ জুলাই পর্যন্ত বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে ১৬ জুলাই থেকে মৌসুমি বায়ু আবারও সক্রিয় হয়ে উঠলে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা ও তীব্রতা পুনরায় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

সোমবার (১৩ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ ১১টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম  ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী ৪৪-৮৮ মিলিমিটার থেকে অতি ভারি ৮৮ মিলিমিটার বর্ষণ হতে পারে।

গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত গত ২৭ ঘণ্টায় রাজধানীতে ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তিনি বলেন, আজ থেকে আগামী ১৫ জুলাই পর্যন্ত ভারি বৃষ্টিপাতের তীব্রতা কম থাকবে। তবে এর অর্থ এই নয় যে বৃষ্টি পুরোপুরি বন্ধ হয়ে যাবে। বর্ষাকালে প্রতিদিনই এক বা দুই দফা বৃষ্টি হওয়া স্বাভাবিক, সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তবে গত কয়েকদিনের মতো ভারূ বা অতিভারী বৃষ্টিপাতের তীব্রতা অনেকটাই কমে এসেছে।

তিনি আরও বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও গত কয়েকদিনে ২০০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। বর্তমানে সেই তীব্রতা প্রায় অর্ধেকে নেমে এসেছে। যদিও দেশের বিভিন্ন এলাকায় এখনো বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, আগামী ১৬ জুলাই থেকে মৌসুমি বায়ু আরও সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৃষ্টিপাতের তীব্রতা বাড়তে পারে। তাই পরিস্থিতির ওপর নজর রাখতে এবং আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাস অনুসরণ করার পরামর্শ দেন তিনি।

আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, আপাতত ভারি বৃষ্টির প্রকোপ কিছুটা কমলেও বর্ষার স্বাভাবিক বৈশিষ্ট্য অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত থাকবে। ফলে জনসাধারণকে প্রয়োজন অনুযায়ী সতর্ক থেকে চলাচলের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

—জা. অর্থনীতি/এনজে