অনলাইন ডেস্ক: চট্টগ্রামের বন্যাকবলিত বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ত্রাণ বিতরণ ও বিনা মূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি ও জরুরি প্রয়োজনীয় সামগ্রী বন্যাদুর্গত মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।
শনিবার (১১ জুলাই) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক ফেসবুক পোস্টে জানায়, সেনাবাহিনীর ৭ স্বতন্ত্র এডি ব্রিগেডের উদ্যোগে বাঁশখালী উপজেলার বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
এ ছাড়া ১০ পদাতিক ডিভিশনের সদস্যরা সাতকানিয়া, লোহাগড়া, বাঁশখালী ও আনোয়ারা উপজেলায় ত্রাণ বিতরণের পাশাপাশি বিনা মূল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন এবং বেসামরিক প্রশাসনকে ত্রাণ পরিবহনেও সহায়তা করছেন।
অন্যদিকে ২৪ পদাতিক ডিভিশনের উদ্যোগে হাটহাজারী, ফটিকছড়ি ও বোয়ালখালী উপজেলার বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ এবং জরুরি চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দুর্গম এলাকাতেও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে সেনাবাহিনীর কার্যক্রম অব্যাহত রয়েছে।
জা.অর্থনীতি/এসআই
