মায়ের গয়না বিক্রি করে পড়াশোনা, এখন মাইক্রোসফটে কোটি টাকার চাকরি

আন্তর্জাতিক ডেস্ক: সন্তানের ভবিষ্যৎ গড়তে মা-বাবার ত্যাগের অসংখ্য উদাহরণ রয়েছে। তেমনই এক আবেগঘন অভিজ্ঞতা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন মাইক্রোসফটের এক তথ্যপ্রযুক্তি কর্মী, যা নেটিজেনদের হৃদয় ছুঁয়ে গেছে।

লিংকডইনে মনু অগ্রবাল নামে এক ব্যবহারকারী জানান, তার বিসিএ পড়াশোনার প্রতিটি সেমিস্টারের ১৫ হাজার টাকার ফি জোগাড় করতে বাবা-মাকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল। পরিবারের আর্থিক সংকটের কারণে তার মা নিজের স্বর্ণের চুড়ি বিক্রি করতে দ্বিধা করেননি। সেই ত্যাগের কথা স্মরণ করে তিনি জানান, সেদিন তার মা চোখের জল লুকিয়ে ছেলের ভবিষ্যতের কথাই ভেবেছিলেন।

বহু বছর পর তিনি মাইক্রোসফটে চাকরি পান এবং বছরে প্রায় ১.৯ কোটি টাকা আয় করতে শুরু করেন। তখন মাকে প্রয়োজনীয় জিনিস কিনে নেওয়ার অনুরোধ জানালে মা বলেন, ছেলে বাড়ি ফিরলেই সব হবে।

পোস্টের শেষে তিনি লিখেছেন, পরিবারের ত্যাগের ঋণ কখনও অর্থ দিয়ে শোধ করা যায় না। যাদের পড়াশোনার পেছনে পরিবার ত্যাগ স্বীকার করেছে, তাদের উদ্দেশেই তার এই বার্তা।

পোস্টটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। হাজারো মানুষ এতে প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই নিজেদের জীবনের অনুরূপ অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন এবং তার সাফল্যের জন্য শুভকামনা জানিয়েছেন।

সূত্র: আনন্দবাজার

জা.অর্থনীতি/এসআই