বন্যা পরিস্থিতি উদ্বেগজনক, ৫ নদীর পানি বিপৎসীমার ওপরে

নিজস্ব প্রতিনিধি: টানা ভারি বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি এখনো উদ্বেগজনক। শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টার তথ্য অনুযায়ী, দেশের পাঁচটি নদীর ৯টি পর্যবেক্ষণ কেন্দ্রের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময়ে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ নদীর বিভিন্ন স্টেশন সতর্কসীমায় অবস্থান করছে, যা নতুন করে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি করেছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, সাঙ্গু নদীর বান্দরবান পয়েন্টে পানি বিপদসীমার ৯৫ সেন্টিমিটার এবং দোহাজারী পয়েন্টে ২৩ সেন্টিমিটার ওপরে রয়েছে। মাতামুহুরী নদীর লামা পয়েন্টে ৪৭ সেন্টিমিটার ও চিরিঙ্গা পয়েন্টে ৩২ সেন্টিমিটার, কুশিয়ারা নদীর মারকুলি পয়েন্টে ১৮ সেন্টিমিটার ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ১০ সেন্টিমিটার, মনু নদীর মনু রেলসেতু পয়েন্টে ৩৫ সেন্টিমিটার ও মৌলভীবাজার পয়েন্টে ৮০ সেন্টিমিটার এবং খোয়াই নদীর বল্লা পয়েন্টে ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

সকাল ৯টার পর্যবেক্ষণে দেশের ১২৭টি পানি সমতল স্টেশনের মধ্যে ৭৯টিতে পানি বৃদ্ধি, ৪৩টিতে হ্রাস এবং ৫টিতে অপরিবর্তিত রয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে সর্বোচ্চ ১০৯ মিলিমিটার এবং বাংলাদেশের অভ্যন্তরে চট্টগ্রামে সর্বোচ্চ ২০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এ ছাড়া তিস্তা নদীর ডালিয়া, কাউনিয়া ও তারাপুর, কুশিয়ারা নদীর শেরপুর, সুরমা নদীর কানাইঘাট, ছাতক ও সুনামগঞ্জ, সোমেশ্বরী নদীর কলমাকান্দা এবং ছোট ফেনী নদীর কোম্পানীগঞ্জ স্টেশনে পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে। এসব এলাকায় পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখা হচ্ছে।

—জা. অর্থনীতি/এএইচএ