সাঙ্গু-মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার ওপরে
দুটি নদীর পানি বিপদসীমার ওপর

নিজস্ব প্রতিবেদক: দেশের ১২৭টি পর্যবেক্ষণাধীন পানি সমতল স্টেশনের মধ্যে ৬৯টিতে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে বান্দরবানে সাঙ্গু ও মাতামুহুরী নদীর দুটি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া তিস্তা, কুশিয়ারা ও সোমেশ্বরী নদীর ছয়টি স্টেশন সতর্কসীমায় রয়েছে।

বুধবার (৮ জুলাই) সকাল ৯টার তথ্যের ভিত্তিতে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (বাপাউবো) এ তথ্য জানিয়েছে।

বাপাউবোর তথ্য অনুযায়ী, সাঙ্গু নদীর বান্দরবান পয়েন্টে পানি বিপৎসীমার ৯৬ সেন্টিমিটার এবং মাতামুহুরী নদীর লামা পয়েন্টে ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পর্যবেক্ষণাধীন ১২৭টি পানি সমতল স্টেশনের মধ্যে ৬৯টিতে পানি বৃদ্ধি, ৫৩টিতে হ্রাস এবং পাঁচটিতে অপরিবর্তিত রয়েছে।

এদিকে তিস্তা নদীর ডালিয়া (নীলফামারী), কাউনিয়া (রংপুর) ও তারাপুর (গাইবান্ধা), কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ (সিলেট) ও মারকুলি (হবিগঞ্জ) এবং সোমেশ্বরী নদীর কলমাকান্দা (নেত্রকোণা) স্টেশনে নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে।

বাপাউবো জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে সর্বোচ্চ ২৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে। একই সময়ে দেশের উজানে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারে সর্বোচ্চ ১০৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সংশ্লিষ্ট এলাকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

—জা. অর্থনীতি/এএইচএ