বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা: চার বিশ্ববিদ্যালয়ে তথ্য সংগ্রহে জাবির ৪ উপকমিটি
ছবি সংগৃহীত

জাবি প্রতিনিধি: ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে বিভাগীয় পর্যায়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা বাস্তবায়নে দেশের চারটি বিভাগীয় শহরের চারটি বিশ্ববিদ্যালয়ে পৃথক চারটি উপকমিটি গঠন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। ভর্তি পরীক্ষার পদ্ধতি, ব্যবস্থাপনা ও বাস্তব অভিজ্ঞতা পর্যালোচনা করে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে এসব কমিটি কাজ করবে। 

বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

অফিস আদেশের বরাত দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়— বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা গ্রহণের বিষয়ে গঠিত বাস্তবায়ন কমিটির অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনের পদ্ধতি, ব্যবস্থাপনা ও সার্বিক অভিজ্ঞতা সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য পৃথক চারটি উপকমিটি গঠন করা হয়েছে। এই তথ্য সংগ্রহের সুবিধার্থে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষাসংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়ে একটি নমুনা প্রশ্নমালা উপকমিটিগুলোর কাছে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সদস্যদের নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে কেন্দ্রীয় কমিটির কাছে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

গঠিত উপকমিটিগুলোর সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন জাবির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা। তারা হলেন— চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য গঠিত উপকমিটিতে রয়েছেন জাবির প্রো-ভিসি (শিক্ষা), আইবিএ-জেইউর পরিচালক এবং আইআইটির পরিচালক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপকমিটিতে রয়েছেন প্রো-ভিসি (প্রশাসন), জীববিজ্ঞান অনুষদের ডিন, আইসিএলসির পরিচালক এবং পরীক্ষা নিয়ন্ত্রক। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য গঠিত উপকমিটিতে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডিন। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য গঠিত উপকমিটিতে রয়েছেন কলা ও মানবিকী অনুষদের ডিন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন এবং আইন অনুষদের ডিন।

উল্লেখ্য, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান জানিয়েছিলেন, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে দেশের প্রধান বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে জাবি প্রশাসনের। সেই পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের অংশ হিসেবেই এবার তথ্য সংগ্রহ ও মাঠ পর্যায়ের অভিজ্ঞতা যাচাই করতে চারটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে এই উপকমিটিগুলো গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

—জা. অর্থনীতি/এলএটি