আর্জেন্টিনাকে জেতাতেই সব আয়োজন: মিশর কোচ

স্পোর্টস ডেস্ক: দুই গোলের লিড ধরে রাখতে না পেরে শেষ পর্যন্ত আর্জেন্টিনার কাছে ৩-২ ব্যবধানে হেরে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর মিশন শেষ হয়েছে মিশরের। তবে ম্যাচ শেষে পরাজয়ের চেয়ে বেশি আলোচনায় এসেছে রেফারিং নিয়ে মিশর শিবিরের তীব্র অসন্তোষ।

ম্যাচের ৫৮তম মিনিটে মোস্তফা জিকো মিশরের হয়ে জালের দেখা পেলেও ভিএআর পর্যালোচনার পর গোলটি বাতিল করেন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। ওই সিদ্ধান্তকে অন্যায্য দাবি করে ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করেন জিকো। তিনি বলেন, ‘আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনিই সর্বোত্তম অভিভাবক। একটি দেশের পরিশ্রম নষ্ট করে দেওয়া হয়েছে।’ একই সঙ্গে তিনি দাবি করেন, ‘এই বিশ্বকাপ যেন আর্জেন্টিনার জন্যই নির্ধারিত।’

রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছেন মিশরের প্রধান কোচ হোসাম হাসানও। তার অভিযোগ, ম্যাচ শুরুর আগেই এমন একটি পরিবেশ তৈরি করা হয়েছিল, যা রেফারির সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। তার ভাষ্য, আর্জেন্টিনা ফরাসি রেফারিকে ঘিরে আগে থেকেই চাপ সৃষ্টি করেছিল এবং সেই প্রভাব ম্যাচের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রতিফলিত হয়েছে।

হোসাম হাসানের দাবি, ম্যাচে মিশর একটি স্পষ্ট পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে, অথচ ঘটনাটি ভিএআরেও পর্যালোচনা করা হয়নি। এছাড়া জিকোর গোল বাতিলের সিদ্ধান্তও তিনি অযৌক্তিক বলে উল্লেখ করেন। মিশর কোচ বলেন, ‘আমরা জয়ের যোগ্য ছিলাম। বর্তমান চ্যাম্পিয়নদের চেয়ে ভালো ফুটবল খেলেছি এবং অনেক দিক থেকেই এগিয়ে ছিলাম। কিন্তু কোনো ফেয়ার প্লে দেখিনি। তারপরও মাথা উঁচু করেই মাঠ ছেড়েছি।’

সবচেয়ে বিতর্কিত মন্তব্যে হোসাম হাসান বলেন, ‘পরিণতি যা-ই হোক, আমি আমার অবস্থান থেকে সরে আসব না। আমার কাছে এটি স্পষ্টভাবেই একটি পাতানো ম্যাচ বলে মনে হয়েছে।’ শেষে আয়োজকদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘যদি আগেই আর্জেন্টিনাকে জেতানোর সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে, তাহলে আমাদের এখানে খেলতে ডাকা হলো কেন?’

মিশর শিবিরের এসব অভিযোগের বিষয়ে ম্যাচ-পরবর্তী সময় পর্যন্ত আয়োজক সংস্থা বা সংশ্লিষ্ট রেফারি কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

জা.অর্থনীতি/এসআই