ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে স্ত্রী নিহত
ছবি সংগৃহীত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার স্বজনপুকুর গ্রামে পারিবারিক বিরোধের জেরে স্বামীর খুন্তির আঘাতে কুলসুমা নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ। ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আশিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে তিনটার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। আটক ব্যক্তি হলেন— মানিক। সে পেশায় একজন মাংস বিক্রেতা। নিহত কুলসুমা ও অভিযুক্ত মানিকের সংসারে তিনটি পুত্রসন্তান রয়েছে বলে জানা গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, পারিবারিক বিরোধের জেরে গভীর রাতে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মানিক উত্তেজিত হয়ে ঘরে থাকা রান্নার খুন্তি দিয়ে তার স্ত্রী কুলসুমাকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই কুলসুমার মৃত্যু হয়। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে ঘাতক মানিককে আটকে রেখে ফুলবাড়ী থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং অভিযুক্তকে আটক করে।

ফুলবাড়ী থানার এসআই আশিক বলেন, ঘটনার বিষয়ে নিবিড় তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

—জা. অর্থনীতি/এলএটি