পাকুন্দিয়ায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩
ছবি সংগৃহীত

কিশোরগঞ্জ প্রতিনিধি: ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের পাকুন্দিয়ার সুখিয়া বাজারে গরুবাহী পিকআপ ভ্যান ও অনন্যা ক্লাসিক নামে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন, যাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ছাড়া দুর্ঘটনায় পিকআপে থাকা ছয়টি গরুরও মৃত্যু হয়েছে।

সোমবার (০৬ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে পাকুন্দিয়া উপজেলার সুখিয়া বাজারের ব্র্যাক ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পিকআপে থাকা নরসিংদী জেলার শিবপুর উপজেলার কুন্দাই গ্রামের বিল্লাল (৩৫), খুরশেদ (৬০) ও পিকআপের চালক খোকন (৩৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার শিকার বাসটি ঢাকা-কিশোরগঞ্জ রুটে চলাচলকারী অনন্যা ক্লাসিক পরিবহনের। ঘটনার সময় বাসটি ঢাকা থেকে কিশোরগঞ্জ যাচ্ছিল। অপরদিকে গরুবোঝাই তিনটি পিকআপ ভ্যান কিশোরগঞ্জ থেকে নরসিংদীর দিকে যাচ্ছিল, যার মধ্যে একদম সামনে থাকা পিকআপটি বাসের সাথে দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনায় নিহতরা সবাই পিকআপ ভ্যানের যাত্রী। আর আহত দুইজন বাসের চালক ও সহযোগী (হেলপার)। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে পাকুন্দিয়া ফায়ার সার্ভিস স্টেশন ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে অঙশ নেয়। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেন।

—জা.অর্থনীতি/আইবিএম