অনলাইন ডেস্ক: বাংলাদেশের অভিবাসন খাতকে দক্ষতাভিত্তিক, অধিকারভিত্তিক এবং সুশাসননির্ভর ব্যবস্থায় রূপান্তর করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার বলে পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এই লক্ষ্য অর্জনে তিনি আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) আরও জোরালো ও কার্যকর সহযোগিতা কামনা করেছেন।
রোববার (৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে আইওএম মিশনের নবনিযুক্ত প্রধান ড. লরা নিকোল টম-বন্ড সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী উল্লেখ করেন, নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনের বৈশ্বিক চুক্তি (জিসিএম) বাস্তবায়নে বাংলাদেশ একটি চ্যাম্পিয়ন কান্ট্রি হিসেবে কাজ করে যাচ্ছে। নিরাপদ ও টেকসই শ্রম অভিবাসন নিশ্চিত করতে সরকার দেশের সামগ্রিক অভিবাসন খাতকে একটি আধুনিক ও সুশাসিত ব্যবস্থায় রূপান্তর করতে বদ্ধপরিকর।
শামা ওবায়েদ ইসলামের বরাতে বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকার বর্তমানে কয়েকটি বিশেষ ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে: কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিকভাবে যোগ্যতার স্বীকৃতি নিশ্চিত করা, গন্তব্য দেশগুলোতে বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের অধিকার ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, নিয়মিত ও আইনি উপায়ে শ্রম অভিবাসনের নতুন নতুন সুযোগ তৈরি করা, প্রবাস থেকে দেশে ফিরে আসা অভিবাসীদের টেকসই ও মর্যাদাপূর্ণ সামাজিক-অর্থনৈতিক পুনঃএকীভূতকরণ।
আইওএম-এর নবনিযুক্ত মিশন প্রধান ড. লরা নিকোল টম-বন্ড অভিবাসন সুশাসনে বাংলাদেশের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি আশ্বস্ত করেন, বাংলাদেশ সরকারের এই দূরদর্শী দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে আইওএম তাদের দ্বিপাক্ষিক সহযোগিতা ও অংশীদারিত্ব আরও জোরদার করবে।
জা.অর্থনীতি/এসআই
