আন্তর্জাতিক ডেস্ক: বিয়ের মাত্র আড়াই মাসের মাথায় এক তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ দিল্লির লোধি কলোনি এলাকার একটি বহুতল আবাসের চতুর্থ তলা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন আকৃতি সুতার (২৮)। আশঙ্কাজনক অবস্থায় তাকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস-এ নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। তবে যে ফ্ল্যাট থেকে তিনি পড়ে গেছেন বলে দাবি করা হচ্ছে, সেখানে তিনি থাকতেন না। আকৃতি আদতে পুষ্প বিহারের বাসিন্দা ছিলেন। এই ঘটনায় তরুণীর পরিবারের পক্ষ থেকে পণের দাবিতে পরিকল্পিত খুনের অভিযোগ তোলা হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, আকৃতি একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। গত ২৪ এপ্রিল আরস্তু সিক্কা নামের এক যুবকের সঙ্গে তার বিয়ে হয়। আরস্তুর বোনের বান্ধবী ছিলেন আকৃতি। সেই সূত্রেই দুজনের দীর্ঘ আট বছরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরবর্তীতে তা বিয়েতে গড়ায়। তবে পরিবারের অভিযোগ, আরস্তু বর্তমানে বেকার। বিয়ের পর থেকেই তার পরিবার থেকে ২০ লক্ষ টাকা পণ দাবি করে আকৃতির ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হচ্ছিল। এমনকি টাকা না দিলে তাকে বিভিন্ন রকম হুমকিও দেওয়া হতো বলে দাবি পরিবারের।
যে বহুতলটির নিচে আকৃতিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা, সেখান থেকে তার শ্বশুরবাড়ির দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। আকৃতির কাকা মনঞ্জয় সুতার জানান, শনিবার অফিস থেকে বেরোনোর পর সন্ধ্যা ৬টা নাগাদ নিজের মায়ের সঙ্গে ফোনে কথা বলেছিলেন আকৃতি। এরপর রাত ৮টার সময় আরস্তু তার শাশুড়িকে ফোন করে জানান যে, আকৃতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এর ঠিক দেড় ঘণ্টা পর পুলিশের পক্ষ থেকে পরিবারকে জানানো হয়, পালিকা কুঞ্জ নামক এলাকায় এক তরুণীর দেহ উদ্ধার হয়েছে।
অফিস থেকে বেরোনোর পর আকৃতি কেন এবং কার সঙ্গে ওই নির্দিষ্ট ফ্ল্যাটে গিয়েছিলেন, তা নিয়ে বড়সড় প্রশ্ন দেখা দিয়েছে। পরিবারের স্পষ্ট দাবি- আকৃতিকে ফুসলিয়ে বা জোরপূর্বক সেখানে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সবচেয়ে বড় রহস্য তৈরি হয়েছে ঘটনাস্থল নিয়ে, চার তলা থেকে নিচে পড়ে যাওয়ার পরও সেখানে কোনো রক্তের দাগ মেলেনি, অথচ তরুণীর শরীরে রয়েছে একাধিক আঘাতের চিহ্ন।
ঘটনাস্থলে রক্তের দাগ না থাকা এবং মৃত্যুর পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখে ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে পরিবার। পুলিশ ইতিমধ্যেই এই রহস্যমৃত্যুর তদন্ত শুরু করেছে এবং তরুণীর স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সূত্র: আনন্দবাজার
জা.অর্থনীতি/এসআই