আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ দেশটির জন্য ‘পারমাণবিক অস্ত্রের’ মতোই একটি শক্তিশালী কৌশলগত হাতিয়ার বলে মন্তব্য করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। তার মতে, এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল নিয়ন্ত্রণের সক্ষমতা তেহরানের ভূরাজনৈতিক শক্তির অন্যতম বড় ভিত্তি।
ইরান সফর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেদভেদেভ বলেন, মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হলে ইরান বাব এল-মান্দেব প্রণালিতেও জাহাজ চলাচল ব্যাহত করতে পারে। এমন পরিস্থিতি সৃষ্টি হলে বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি বলেন, আমি আশা করি পরিস্থিতি সে পর্যায়ে পৌঁছাবে না। তবে যারা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও উত্তেজনা বাড়াতে চায়, তাদের এই বাস্তবতা বিবেচনায় রাখা উচিত।
সম্প্রতি ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক হামলারও তীব্র সমালোচনা করেন রাশিয়ার সাবেক এই প্রেসিডেন্ট। তার দাবি, দুই পক্ষের মধ্যে আলোচনা চলাকালে কোনো ধরনের উসকানি ছাড়াই হামলা চালানো হয়েছে এবং সে সময় যুক্তরাষ্ট্রের জন্য ইরান তাৎক্ষণিক কোনো হুমকি ছিল না। তার ভাষ্য, এ হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী।
মেদভেদেভ জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সৃষ্ট উদ্বেগ নিরসনে রাশিয়া আগেই একটি শান্তিপূর্ণ সমাধানের প্রস্তাব দিয়েছিল। তিনি বলেন, সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমঝোতাই দীর্ঘমেয়াদে কার্যকর পথ।
গত শুক্রবার তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার আনুষ্ঠানিকতার ফাঁকে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেন মেদভেদেভ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত হিসেবে তিনি মস্কোর পক্ষ থেকে শোক প্রকাশ করতে ইরান সফর করেন।
সূত্র: আনাদোলু
জা.অর্থনীতি/এসআই
