যশোর প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শিক্ষার্থীদের গবেষণা ও বৈজ্ঞানিক লেখালেখিতে দক্ষ করে তুলতে “ইনোভেটিভ রিসার্চ ফর অ্যা সাসটেইনেবল ফিউচার অ্যান্ড মাস্টারিং সাইয়েন্টিফিক রাইটিং” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের আমেরিকান কেমিক্যাল সোসাইটি (এসিএস) স্টুডেন্ট চ্যাপ্টার এই সেমিনারের আয়োজন করে।
বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের গ্যালারীতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. ইয়ারুল কবীর তরুণ গবেষকদের সমাজ ও শিল্পক্ষেত্রের সমস্যা সমাধানকারী এবং প্রভাব বিস্তারকারী (ইমপ্যাক্টফুল) গবেষণায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। সম্প্রতি তার অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, বর্তমান বিশ্বে শুধু গবেষণার খাতিরে গবেষণা করা হয় না, বরং সমাজের ওপর এর বাস্তব প্রভাব কতটুকু তা-ই সবচেয়ে বেশি মূল্যায়ন করা হয়। একই সাথে গবেষণায় সততা বজায় রাখার ওপর জোর দিয়ে তিনি বলেন, কোনোভাবেই ডাটা ম্যানিপুলেশন করা যাবে না। অনেক সময় শিক্ষার্থীরা নেতিবাচক ফলাফল প্রকাশ করতে ভয় পায়, কিন্তু নেতিবাচক ফলাফলও গবেষণার একটি গুরুত্বপূর্ণ অংশ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক এস. এম. তারেক আবেদিন এবং যবিপ্রবির রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. কে. এম. আনিস-উল-হক।
এসিএস স্টুডেন্ট চ্যাপ্টার জাস্ট আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করায় সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিনস কমিটির আহবায়ক অধ্যাপক ড. ইমরান খান, সেমিনারের আহবায়ক ড. জান্নাতুল কাওসার এবং রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আজিজুর রহমান খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রসায়ন বিভাগের শিক্ষার্থী অন্নী আফরিন ও আরিফান নাহার অর্নি।
—জা. অর্থনীতি/এলএটি