রাঙামাটিতে ৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
ছবি: জাতীয় অর্থনীতি

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি শহরে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে রাঙামাটি কোতয়ালী থানায় এক প্রেস ব্রিফিংয়ে সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো: তারেক সেকান্দার এই তথ্য নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে শহরের মারী স্টেডিয়াম গেটের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন— শহরের বিলাইছড়ি পাড়া এলাকার জলমনি চাকমা (৪৯) এবং কুতুকছড়ি ইউনিয়নের বাসিন্দা নতুন বাবু (৩৯)।

পুলিশ জানায়, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি বিশেষ টিম মারী স্টেডিয়াম গেট এলাকায় অভিযান চালিয়ে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো: তারেক সেকান্দার বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

—জা. অর্থনীতি/এলএটি