শর্ট সার্কিটে প্রাণ গেল যুবকের
ছবি সংগৃহীত

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার ৯ নম্বর খলিলপুর ইউনিয়নের সাটিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাউসার আহমদ (২৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহত কাউসার ওই গ্রামের মুজাহিদ আলমের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে নিজ বাড়িতে অসতর্কতাবশত বৈদ্যুতিক শর্ট সার্কিটের সংস্পর্শে এসে গুরুতর আহত হন কাউসার। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

তরুণ বয়সে কাউসারের এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে সাটিয়া গ্রামের পরিবেশ।

ওসি  জানান, এটি একটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত বৈদ্যুতিক দুর্ঘটনা। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনার পর স্থানীয় সচেতন মহল বৈদ্যুতিক সংযোগ ও বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহারে সকলকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।