১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু

অনলাইন ডেস্ক: নির্বাচনি ইশতেহার অনুযায়ী ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে কর্মরত জনবল এবং শূন্যপদের হালনাগাদ তথ্য চেয়েছে সরকার। মঙ্গলবার (১ জুলাই) স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন-৩ (মনিটরিং ও সমন্বয়) শাখা থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রয়োজনীয় কার্যক্রমের অংশ হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন অধিদপ্তর, সংস্থা ও বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং শূন্যপদের পদভিত্তিক তালিকা জরুরি ভিত্তিতে প্রেরণ করতে হবে।

এই লক্ষ্যে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে আগামী ৯ জুলাই, ২০২৬ তারিখের মধ্যে অনুমোদিত পদের সংখ্যা, কর্মরত জনবল এবং শূন্যপদের হালনাগাদ তথ্য একটি নির্ধারিত ছকে প্রস্তুত করতে বলা হয়েছে। প্রস্তুতকৃত তথ্যের হার্ড কপি স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন-৩ শাখায় এবং সফট কপি নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এ নির্দেশনা দেওয়া হয়েছে: স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস), স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ), বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (বিএনএমসি), স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি), রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর), সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপো (সিএমএসডি) এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ অন্যান্য সকল প্রতিষ্ঠানকে।

স্বাস্থ্যসেবা বিভাগ জানিয়েছে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মন্ত্রণালয়ের অধীন জনবল কাঠামো ও শূন্যপদের একটি সম্পূর্ণ হালনাগাদ চিত্র প্রস্তুত করা হবে। পরবর্তীতে এই ডেটাবেজ নির্বাচনি প্রতিশ্রুতি ও প্রশাসনিক কার্যক্রম বাস্তবায়নে মূল ভিত্তি হিসেবে ব্যবহৃত হবে।

জা.অর্থনীতি/এসআই