তরুণ সমাজকে রক্ষায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত
ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: মাদকের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে উপজেলার উজান-ভাটি রেস্টুরেন্টের হলরুমে আলোকিত নারী উন্নয়ন ফাউন্ডেশন এবং এনভায়রনমেন্ট অ্যান্ড এগ্রো প্রমোশন অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

আলোকিত নারী উন্নয়ন ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয় পরিষদের সভাপতি মেহেরুন নিছা মেহেরীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়া। প্রধান আলোচক ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সাজেদুল হাসান।

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান এবং আশুগঞ্জ থানার উপপরিদর্শক (তদন্ত) আবু হেনা মোহাম্মদ মোস্তফা রেজা। আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, আশুগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোবারক হোসেন এবং আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষের ঐক্যবদ্ধ অংশগ্রহণ জরুরি। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করতে নিয়মিত সামাজিক আন্দোলন, প্রচার-প্রচারণা এবং প্রশাসনের কঠোর ভূমিকা অব্যাহত রাখতে হবে।

—জা. অর্থনীতি/এলএটি