তীব্র গরম ও লোডশেডিংয়ে বিপর্যস্ত কালীগঞ্জ
জাতীয় অর্থনীতি

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে একদিকে তীব্র ভ্যাপসা গরম, অন্যদিকে ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিন ও রাত মিলিয়ে কালীগঞ্জ উপজেলায় গড়ে অন্তত ৬ থেকে ৮ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। শহরে প্রতি এক ঘণ্টা পরপর লোডশেডিং হচ্ছে এবং একটি ফিডার বন্ধ করে অন্যটি চালু রাখায় তা দীর্ঘ সময় স্থায়ী হচ্ছে। এদিকে গ্রামাঞ্চলে পরিস্থিতি আরও ভয়াবহ, সেখানে লোডশেডিংয়ের মাত্রা শহরের চেয়ে দ্বিগুণেরও বেশি।

বিদ্যুৎ সংকটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষক ও শিক্ষার্থীরা। স্থানীয় চাষী মনজার আলী জানান, ঘনঘন লোডশেডিংয়ের কারণে মাঠের সেচ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অন্যদিকে আগামী দুই দিন পর শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে দুশ্চিন্তায় আছেন অভিভাবকেরা। রফিক নামে এক শিক্ষার্থীর পিতা বলেন, বিদ্যুৎ সংকটে পরীক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সেই সঙ্গে তীব্র গরম ও লোডশেডিংয়ের কারণে ঘরে ঘরে শিশু ও বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়ছেন।

বিদ্যুৎ বিভাগের স্থানীয় কর্মকর্তাদের দাবি, চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম পাওয়ায় এই লোডশেডিং করতে হচ্ছে। তবে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে তাঁরা আশ্বাস দিয়েছেন।

এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ বলেন, "লোডশেডিংয়ের সার্বিক বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করছি দ্রুতই এই সমস্যার সমাধান হয়ে যাবে।"

—জা. অর্থনীতি/এলএটি