গোপালগঞ্জ প্রতিনিধি: ‘শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার (২৯ জুন) বেলা ১১টায় জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসন ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতা’য় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামানের সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তব্য দেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-মহাপরিদর্শক এইচ এম শাহাদাত।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক (সাধারণ) ইফতেখারুল কবীরের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শোভন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী হুমায়ুন রশিদ, গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান মাসুদ, শ্রম পরিদর্শক (সাধারণ) রফিকুল হাসান লিমন এবং জেকে পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) কুতুব উদ্দিন।
আলোচনা সভায় বক্তারা বলেন, "শিশুশ্রম একটি বড় সামাজিক সমস্যা, যা শিশুর স্বাভাবিক শারীরিক, মানসিক ও শিক্ষাগত বিকাশে প্রধান বাঁধা সৃষ্টি করে।"
বক্তারা শিশুশ্রমের মূল কারণ ও এর ক্ষতিকর প্রভাব তুলে ধরে তা নিরসনে অভিভাবকদের সচেতন করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সাথে শ্রমজীবী শিশুদের পুনর্বাসন নিশ্চিত করতে সরকার, নিয়োগকর্তা, অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিত উদ্যোগ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
—জা. অর্থনীতি/এলএটি