কৃষি উৎপাদন বাড়াতে ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে পরিবর্তন
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং পল্লী অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গঠিত ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের নীতিমালায় পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। 

নতুন নির্দেশনা অনুযায়ী, স্কিমের তহবিলের উৎস ও মেয়াদ সংশোধন করা হয়েছে।

রোববার (২৮ জুন) কৃষি ঋণ বিভাগ-১ (এসিডি-১) থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার লেটার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, গত ৮ জুন জারি করা এসিডি সার্কুলার নং-০১-এর ৩ ও ৪ নম্বর অনুচ্ছেদ সংশোধন করা হয়েছে।

সংশোধিত নির্দেশনা অনুযায়ী, ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের তহবিল গঠন করা হবে বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় তফসিলি ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য দিয়ে।

এছাড়া স্কিমের মেয়াদ নির্ধারণ করা হয়েছে সার্কুলার জারির তারিখ থেকে ৩ বছর।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সংশোধিত দুটি বিষয় ছাড়া ৮ জুন জারি করা মূল সার্কুলারের অন্যান্য সব নির্দেশনা অপরিবর্তিত থাকবে। নতুন এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, কৃষি খাতে সহজ শর্তে ঋণপ্রবাহ বাড়ানো, উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা জোরদার এবং গ্রামীণ অর্থনীতিতে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেই এই পুনঃঅর্থায়ন স্কিম পরিচালিত হচ্ছে। নতুন সংশোধনের মাধ্যমে স্কিমের অর্থায়নের উৎস এবং কার্যকারিতা আরও স্পষ্ট করা হয়েছে।

—জা.অর্থনীতি/এনজে