অবৈধ পুশইনের আশঙ্কায় সীমান্তে সতর্ক অবস্থায় বিজিবি
ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ভারত থেকে অবৈধ পুশইনের আশঙ্কায় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্তজুড়ে কঠোর সতর্কাবস্থান গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

শুক্রবার (২৬ জুন) রাতে জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নোয়াবদী ও নলঘড়িয়া সীমান্ত এলাকা দিয়ে পুশইনের তীব্র আশঙ্কায় বিজিবির পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও রাতভর সীমান্তে পাহারায় অংশ নেন।

বিজিবি ও সীমান্ত সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া এবং কসবা উপজেলার প্রায় ৭৩ কিলোমিটার এলাকা জুড়ে ভারতের ত্রিপুরা রাজ্যের সাথে সীমান্ত রয়েছে। সম্প্রতি দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে পুশইনের চেষ্টা করার খবর ছড়িয়ে পড়লে এই তিন উপজেলার সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। সীমান্ত দিয়ে যাতে কোনো অবস্থাতেই অবৈধ পুশইন হতে না পারে, সেজন্য বিজিবি সদস্যরা তাদের নিয়মিত ও বিশেষ টহল কার্যক্রম জোরদার করেছেন। এ কাজে সীমান্ত এলাকার সাধারণ মানুষও বিজিবিকে সার্বিক সহযোগিতা করছেন।

লেফটেন্যান্ট কর্নেল  জানান, দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পুশইন চেষ্টার খবর পাওয়ার পর থেকেই ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে আগাম সতর্কতা হিসেবে বিজিবির টহল ও নজরদারি কয়েক গুণ বাড়ানো হয়েছে।

তিনি স্পষ্ট ভাষায় বলেন, “বাংলাদেশ সীমান্তে কোনো অবস্থাতেই অবৈধভাবে কাউকে পুশইন করতে দেওয়া হবে না। বিজিবির সার্বক্ষণিক প্রহরার পাশাপাশি সীমান্তবর্তী গ্রামগুলোর বাসিন্দাদেরও এ বিষয়ে সজাগ ও সতর্ক থাকার জন্য সচেতন করা হয়েছে, যাতে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত চেষ্টা সাথে সাথে প্রতিরোধ করা যায়।”

—জা. অর্থনীতি/এলএটি