মহেশপুর সীমান্তে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার
ছবি: জাতীয় অর্থনীতি

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে ২টি ইতালির তৈরি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি এবং ২৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৭ জুন) ভোর ৪টা ৪০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সামন্তা বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ৫৭/১-এস সংলগ্ন বেলেহাটি এলাকা থেকে এসব অস্ত্র ও মাদক জব্দ করে।

বিজিবি জানায়, ভোরে ওই এলাকায় টহল দেওয়ার সময় দুই অজ্ঞাত চোরাকারবারীকে ধাওয়া করে বিজিবির টহল দল। এ সময় চোরাকারবারীরা মহেশপুর উপজেলার বেলেহাটি গ্রামের একটি পুকুর পাড়ের জঙ্গলে সাদা প্লাস্টিকের ব্যাগ ফেলে শূন্য লাইন অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে কার্টনের ভেতর থেকে পিস্তল, ম্যাগাজিন, গুলি ও সিরাপ উদ্ধার করা হয়। জব্দকৃত মালামাল মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

৫৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রফিকুল আলম জানান, সীমান্ত দিয়ে অস্ত্র ও মাদকদ্রব্য পাচারের যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে। চোরাকারবারীদের রুখে দিতে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।

বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দুপুরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

—জা. অর্থনীতি/এলএটি