পুলিশ ক্যাডেট এএসআই পদে নিয়োগ সংক্রান্ত ব্রিফিং
ছবি: জাতীয় অর্থনীতি

গোপালগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ সংক্রান্তে গোপালগঞ্জে এক ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এই তথ্য নিশ্চিত করেন। 

মঙ্গলবার (২৩ জুন) বিকাল ৫টায় গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস্ ড্রিল শেডে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে দিক-নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ও সংশ্লিষ্ট কর্মকর্তারা হলেন— নিয়োগ বোর্ডের সভাপতি ও গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক মনোনীত প্রতিনিধি ও ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. শাহজাহান হোসেন (পিপিএম), নিয়োগ বোর্ডের সদস্য ও পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মাহমুদুল ইসলাম, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানা এবং মাদারীপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার সাঈদ নাসিরুল্লাহ (পিপিএম)।

ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষে ডিউটিতে নিয়োজিত সদস্যদের বিভিন্ন নির্দেশনা দেন। এই নিয়োগের ‘ফিজিক্যাল অ্যান্ডুরেন্স টেস্ট’ (পিইটি) কার্যক্রমে গোপালগঞ্জ জেলা পুলিশ রিক্রুটমেন্ট টিমকে সার্বিক সহায়তা প্রদান করা হচ্ছে বলে জানানো হয়। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

—জা. অর্থনীতি/এলএটি