মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সাহরাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মারিয়া মাহি (১৪) হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং সুষ্ঠু বিচারের দাবিতে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকালে শাহরাইল উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে স্থানীয় সর্বস্তরের এলাকাবাসী ও সাধারণ শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, "মারিয়া হত্যাকাণ্ড শুধু একটি পরিবারকে ধ্বংস করেনি, বরং পুরো এলাকার মানুষকে স্তব্ধ ও আতঙ্কিত করে তুলেছে। একজন অবুঝ স্কুলছাত্রীকে এভাবে নির্মম ও নৃশংসভাবে হত্যা করার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।" এ সময় তারা ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রত্যেক অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি তথা ফাঁসির দাবি জানান।
উল্লেখ্য, গত ১৫ জুন নিখোঁজ হওয়ার দীর্ঘ ছয় দিন পর সিংগাইর উপজেলার জামির্তা ইউনিয়নের চন্দননগর এলাকার একটি পরিত্যক্ত কবরস্থান-সংলগ্ন ঝোপঝাড় থেকে মারিয়ার খণ্ডিত ও বিকৃত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই মর্মান্তিক ঘটনায় নিহতের মা কামরুন্নাহার বাদী হয়ে সিংগাইর থানায় ১৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এ পর্যন্ত তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ এজাহারনামীয় আটজন আসামিকে গ্রেফতার করেছে। বাকি আসামিদেরও গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
—জা. অর্থনীতি/এলএটি