টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল জেলার মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলেসহ গারো নৃ-গোষ্ঠীর চারজন মারা গেছেন।
শনিবার (২০ জুন) সকাল ৮টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর বনাঞ্চলের টেলকিতে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে কূপ থেকে লাশ উদ্ধার করেছে।
নিহতরা হলেন- টেলকি গ্রামের বাবুল হাদিমা (৪০), তার ছেলে নেইমার ম্রং (১২), এলাকার জামাই গাব্রিয়াল (৪০) এবং প্রতিবেশী রতন নকরেক (২৭)।
মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন কর্মকর্তা লাভলু তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য লাল মিয়াসহ স্থানীয়রা জানান, বাবুল হাদিমার একটি ছাগল ছানা টেলকি বাজারের উত্তর পশ্চিমের মসজিদ এলাকার একটি পরিত্যক্ত কূপে পড়ে যায়। ওই ছাগল ছানা তুলতে প্রথমে কূপে নামে নেইমার। কিছু সময় পার হয়েও নেইমারের সাড়া না পেয়ে দ্বিতীয়বার নামে বাবুল হাদিমা। একইভাবে গ্রাবিয়াল এবং শেষে রতন। একে একে কূপে নামা চারজনের কারও সাড়া না পেয়ে স্থানীয়রা ডাকাডাকি শুরু করে। পরে আশপাশের লোকজন ছুটে আসে এবং ফায়ার সার্ভিস ও পুলিশের খবর দেয়। ফায়ার সার্ভিস এসে অক্সিজেনহীন পরিত্যক্ত কূপে প্রক্রিয়া করে ফায়ার ফাইটার মনিরকে কূপে নামিয়ে দিয়ে একে একে তাদের মরদেহ উদ্ধার করে।
মধুপুর থানার ওসি একেএম ফজলুল হক জানান, চার জনের মরদেহ ফায়ার সার্ভিসের কাছ থেকে গ্রহণ শেষে আইনি প্রক্রিয়া চলছে।
—জা. অর্থনীতি/এএইচএ
