স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনায় ভিক্টোরিয়া হাসপাতালে ডিসির পরিদর্শন
ছবি: জাতীয় অর্থনীতি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে আজ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল পুনরায় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

মঙ্গলবার (১৬ জুন) পরিদর্শনকালে জেলা প্রশাসক হাসপাতালের প্রতিটি ওয়ার্ড, করিডর, রান্নাঘর ও শৌচাগারসহ হাসপাতালের পেরিফেরি এলাকার সার্বিক পরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ করেন। সেই সঙ্গে হাসপাতালে ভর্তি রোগীদের স্বজন ও আগত সেবাগ্রহীতাদের সঙ্গে মতবিনিময় করে হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো সরাসরি শুনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনের অংশ হিসেবে জেলা প্রশাসক মা ও শিশু কল্যাণ কেন্দ্র, নারায়ণগঞ্জও পরিদর্শন করেন এবং কেন্দ্রের পরিবেশ উন্নয়নে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জের সিভিল সার্জন মশিউর রহমান, সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা, আগত সাংবাদিকরা এবং এলাকার সাধারণ সেবাগ্রহীতারা।

উল্লেখ্য, গত ১৪ জুন স্বাস্থ্যমন্ত্রী এই হাসপাতাল পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং ফলোআপ পরিদর্শনের নির্দেশ দেন।

—জা.অর্থনীতি/এনজে