যশোর প্রতিনিধি: যশোরের সদর উপজেলায় মাদকের টাকার জন্য ছামিনা আক্তার সাম্মি (২০) নামে এক গৃহবধূকে ধারালো চাকু দিয়ে খুন করেছেন তার স্বামী সুজন (২২)। স্ত্রীকে হত্যার পর সুজন নিজের বুকেও ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। সোমবার (৮ জুন) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার শেখহাটি তামালতলা এলাকার একটি ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত ছামিনা আক্তার সাম্মি যশোর সদর উপজেলার তরফ নওয়াপাড়া এলাকার শফিয়ার রহমানের মেয়ে। ঘাতক স্বামী সুজন টাঙ্গাইল জেলার নাগরপুর থানার শান্তিনগর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের জেরে চার মাস আগে বিয়ে করেন মামাতো-ফুফাতো ভাই-বোন সুজন ও ছামিনা। বিয়ের পর সুজনের চরম মাদকাসক্তির বিষয়টি প্রকাশ পেলে সংসারে কলহ শুরু হয়। সুজনকে সঠিক পথে ফেরাতে সোমবারই তার মালয়েশিয়া যাওয়ার বিমানের টিকিট কাটার কথা ছিল। কিন্তু ভোরে নেশার টাকা নিয়ে বিরোধের জেরে সুজন ধারালো চাকু দিয়ে ছামিনার শরীরে এলোপাতাড়ি আঘাত করেন। প্রতিবেশীরা ছামিনাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে সুজন নিজের শরীরে চাকু চালিয়ে আত্মহত্যার চেষ্টা করলে তাকে পুলিশি পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল বলেন, মাদকাসক্তির জেরে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সুজনের বাবা-মাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
—জা. অর্থনীতি/এলএটি