নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত অটোরিকশাচালক এক যুবকের মৃত্যুর পর লাশ নিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী। রোববার (৭ জুন) রাতে এ ঘটনার পর দায়িত্ব অবহেলার অভিযোগে বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানাকে প্রত্যাহার করা হয়েছে।
নিহত ব্যক্তি হলেন— মো. জোবায়ের (১৮)। তিনি পাবনা সদর উপজেলার রাজাপুর এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে এবং বন্দরের এনায়েতনগর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ জুন রাত ৯টার দিকে কাজ শেষে বাসায় ফেরার পথে এনায়েতনগরের ভাঙা ব্রিজের ঢালে তিন ছিনতাইকারী জোবায়েরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে মুঠোফোন ও টাকা ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে খানপুর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তিনি মারা যান।
নিহতের পরিবারের অভিযোগ, ঘটনার পর থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি এবং অর্থ দাবি করেছিল। তবে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন অর্থ দাবির বিষয়টি অস্বীকার করে জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযুক্ত এসআইকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং নিহতের পরিবার মামলা করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
—জা. অর্থনীতি/এলএটি