শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী বাবেলাকোনা এলাকা থেকে মালিকবিহীন ৫টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৭ জুন) সকাল সাড়ে ১১টার দিকে এই অভিযান চালানো হয়।
বিজিবি জানায়, ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের কর্ণঝোড়া বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার সাইদুর রহমানের নেতৃত্বে একটি দল বাবেলাকোনা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গরুগুলো ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে মালিকবিহীন গরুগুলো জব্দ করা হয়।
কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান জানান, জব্দকৃত গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গরুগুলো কাস্টমস কর্তৃপক্ষের মাধ্যমে নিলামে বিক্রি করা হবে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এই অভিযান অব্যাহত থাকবে।
—জা. অর্থনীতি/এলএটি
