সাতক্ষীরায় নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
ছবি: জাতীয় অর্থনীতি

সাতক্ষীরা প্রতিনিধি: "জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা" এবং "প্রকৃতি রক্ষাই জলবায়ুর সুরক্ষা"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা সদর ও উপকূলীয় উপজেলা শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (৫ জুন) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, ব্যতিক্রমী বৃক্ষ পদযাত্রা, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা এবং পরিবেশ সুরক্ষার শপথ গ্রহণের আয়োজন করা হয়।

সুন্দরবন ফাউন্ডেশনের আয়োজনে এবং জেটনেটবিডি, বেলা, টিআইবিসহ বিভিন্ন পরিবেশবাদী ও বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতায় সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সাতক্ষীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কবি ও শিক্ষক পল্টু বাশারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাইফুল ইসলাম। বেলার নেটওয়ার্ক সদস্য রেহেনা পারভীনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, টিআইবি সভাপতি তোহিদুর রহমান, সনাক সভাপতি তৈয়ব হাসান ও সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ (নোট পেপার) উপস্থাপন করেন আলফাজ উদ্দিন।

সভায় বক্তারা বলেন, "জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে উপকূলীয় অঞ্চলসহ পুরো দেশকে রক্ষা করতে হলে এখনই সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।" তরুণ প্রজন্মকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে তারা বলেন, সবাইকে সাথে নিয়েই পরিবেশের টেকসই উন্নয়ন সম্ভব। আলোচনা সভা শেষে প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ করা হয়।

এদিকে, পরিবেশ সংরক্ষণ ও প্লাস্টিক দূষণ কমানোর লক্ষ্যে এনভায়রনমেন্ট প্রটেকশন ফোরাম (ইপিএফ), স্বদেশ-সাতক্ষীরা ও সমমনা সংগঠনগুলোর উদ্যোগে আরেকটি কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাপা সাতক্ষীরা কমিটির জেলা আহ্বায়ক অ্যাডভোকেট আবুল কালাম আজাদের সভাপতিত্বে ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত এই সভায় নারী নেত্রী মরিয়ম মান্নান, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্তসহ অন্যান্য সামাজিক ও যুব প্রতিনিধিরা বক্তব্য রাখেন। সভা শেষে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উপকূলীয় উপজেলা শ্যামনগরে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক, উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশন ও গ্রিন কোয়ালিশনের যৌথ উদ্যোগে এক ব্যতিক্রমী বৃক্ষ পদযাত্রা ও শপথ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৯টায় ঈশ্বরীপুর এ. সোবহান মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. শাহীন ইসলাম। পরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শতাধিক মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য বৃক্ষ পদযাত্রা বের হয়ে যশোরেশ্বরী মন্দির অভিমুখে রওনা হয়। অংশগ্রহণকারীদের হাতে লবণসহিষ্ণু কদবেল, পেয়ারাসহ বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা এবং পরিবেশ সুরক্ষার প্ল্যাকার্ড ছিল। পদযাত্রা শুরুর মুহূর্তে হঠাৎ নেমে আসা বৃষ্টি চারপাশের পরিবেশকে আরও স্নিগ্ধ ও প্রাণবন্ত করে তোলে।

পদযাত্রা শেষে সকল অংশগ্রহণকারী একটি করে গাছ দত্তক নেন এবং পরিবেশ সুরক্ষার শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান আটুলিয়া ইউনিয়নের সবুজ যোদ্ধা রবীন্দ্রনাথ মণ্ডল। ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের সদস্য এস.এম শফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে শ্যামনগর পৌরসভা গ্রিন কোয়ালিশন সভাপতি কৃষ্ণানন্দ মুখার্জিসহ স্থানীয় যুব সংগঠক ও পরিবেশকর্মীরা বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু নির্দিষ্ট কিছু মানুষের নয়, এটি সমাজের প্রতিটি নাগরিকের দায়িত্ব। উপকূলীয় অঞ্চলে জলবায়ু সহনশীল সমাজ গড়ে তুলতে তৃণমূল পর্যায় থেকে এই আন্দোলনকে আরও জোরদার করতে হবে।

—জা. অর্থনীতি/এলএটি