তীব্র গরমে জামালপুরে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ফাইল ছবি

জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় তীব্র গরমে মাঠে ধান কাটার সময় অসুস্থ হয়ে আসাদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

পরিবারের দাবি, প্রচণ্ড গরমে হিটস্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

সোমবার (১ জুন) সকালে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের পূর্ব ভাতখাওয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আসাদুল ইসলাম ওই গ্রামের মো. মহল মন্ডলের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসে ধান কাটার কাজে অংশ নেন আসাদুল। সকালে নিজ গ্রামের কয়েকজনের সঙ্গে মাঠে ধান কাটতে যান তিনি। একপর্যায়ে প্রচণ্ড গরমের মধ্যে কাজ করার সময় হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন।

স্থানীয়রা তাকে দ্রুত পাশের একটি বাড়িতে নিয়ে গিয়ে শরীরে পানি ঢেলে প্রাথমিক সেবা দেওয়ার চেষ্টা করেন। পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে সারমারা বাজার এলাকায় তার মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা জানান, আসাদুল ইসলাম দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করতেন। তিনি নিয়মিত কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন না। ঈদের ছুটিতে বাড়িতে এসে পরিবারের সদস্যদের সহযোগিতা করতে মাঠে ধান কাটতে গিয়েছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েকদিন ধরে এলাকায় তীব্র তাপপ্রবাহ ও ভ্যাপসা গরম বিরাজ করছে। দিনের বেলায় খোলা আকাশের নিচে কাজ করতে গিয়ে অনেকেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন। এই পরিস্থিতিতে প্রয়োজন ছাড়া প্রখর রোদে দীর্ঘ সময় কাজ না করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

—জা. অর্থনীতি/এলএ/এনজে