আদ-দ্বীনে শিশু মৃত্যুর তদন্ত প্রতিবেদন ৩ জুন
ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আজ জমা দেয়নি জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আগামী ৩ জুন পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে।

শনিবার (৩০ মে) রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন আজ জমা দেওয়ার কথা থাকলেও সন্তানহারা মায়েদের বক্তব্য এখনো গ্রহণ করা সম্ভব হয়নি। এ কারণে কমিটিকে আরও ৩ দিন সময় দেওয়া হয়েছে। সব পক্ষের বক্তব্য নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী ৩ জুন জমা দেওয়া হবে।

তিনি জানান, প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে একজন মায়ের অনুরোধে হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে প্রায় ২ ঘণ্টা এসি বন্ধ ছিল। রাত ২টা থেকে ৪টা পর্যন্ত ওই সময়ে কোনো বিকল্প ভেন্টিলেশনের ব্যবস্থা ছিল না। এই বিষয়গুলো তদন্তে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের গাফিলতি বা দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, তদন্তকারী দল হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, চিকিৎসাসেবা, ওয়ার্ডের পরিবেশ এবং সংশ্লিষ্টদের দায়িত্ব পালনের বিষয়গুলো খতিয়ে দেখছে। তদন্ত শেষ হলে ঘটনার প্রকৃত চিত্র সামনে আসবে।

এর আগে গত ২৬ মে দিবাগত রাতে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ১১ জন মা ও ৬ নবজাতক ভর্তি ছিলেন।

জানা গেছে, রাতের কোনো এক পর্যায়ে ঠাণ্ডা লাগার কারণে এক মায়ের অনুরোধে কিছু সময়ের জন্য এসি বন্ধ করা হয়। পরে পুনরায় এসি চালু করার পরপরই কয়েকজন নবজাতকের শ্বাসকষ্ট দেখা দেয় এবং ধীরে ধীরে ৬ জন নবজাতকই মারা যায়।

এ ঘটনায় রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।

—জা. অর্থনীতি/এনজে