বিনোদন ডেস্ক: ভারতের বিধানসভা নির্বাচনে প্রথমবার অংশ নিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন দক্ষিণী অভিনেতা থালাপতি বিজয়। এর ফলে, তামিলনাড়ুর রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করে বৃহস্পতিবার (৭ মে) রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা ছিল জনপ্রিয় এ অভিনেতার। তবে মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেওয়া হচ্ছে না থালাপতির।
রাজ্যের গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর এখনো বিশ্বাস করেন না যে, সরকার গঠনের মতো প্রয়োজনীয় সংখ্যা টিভিকের আছে। আর এ কারণেই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা থাকলেও তা আজ হচ্ছে না। জানা গেছে, দল হিসেবে টিভিকে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে না পারায় বিজয়ের শপথ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যের গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর এখনো নিশ্চিত নন যে টিভিকে এককভাবে সরকার গঠনের মতো আসন পেয়েছে। এ কারণে শপথ গ্রহণ প্রক্রিয়া এগোয়নি।
এদিকে, কংগ্রেস এরই মধ্যে বিজয়ের দলকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে এবং আরও কয়েকটি দল যোগ দেবে বলে ধারণা করা হচ্ছে। তবে, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন পেতে বিজয়ের দলের আরও এক-দুই দিন সময় লাগতে পারে বলে সূত্র জানিয়েছে। জানা গেছে, রাজ্যপাল ইতোমধ্যে তামিলনাড়ু বিধানসভা ভেঙে দিয়েছেন।
গতকাল বুধবার রাজ্যপালের সঙ্গে বৈঠকে সরকার গঠনের দাবি জানান বিজয়। এ ছাড়া, টিভিকের সাধারণ সম্পাদক আধব অর্জুন আইনজীবী দল নিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।
অন্যদিক, ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হলেও সরকার গঠনের জন্য টিভিকের প্রয়োজন ১১৮টি আসন। কংগ্রেসের পাঁচটি আসন যোগ হলেও এখনো পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন হয়নি। ফলে, সরকার গঠনের জন্য টিভিকের আরও কয়েকটি আসনের সমর্থন প্রয়োজন।
—জা. অর্থনীতি/এনএ