লন্ডনে রেইনবো উৎসবে বাংলাদেশের ৬ সিনেমা

বিনোদন ডেস্ক: লন্ডনের রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশের ৬ সিনেমা। ১৭ মে পূর্ব লন্ডনের জেনেসি সিনেমা হলে শুরু হবে এ উৎসবের ২৭তম আসর, চলবে ২৩ মে পর্যন্ত। সপ্তাহব্যাপী এই উৎসবে ১০টি দেশের ২৫টির বেশি সিনেমা প্রদর্শিত হবে। 

উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশের ‘আগন্তুক’। সিনেমাটি প্রদর্শিত হবে ১৭ মে দুপুর ১২টায়। আর ২৩ মে সন্ধ্যা ছয়টায় ভারতের ‘স্বার্থপর’ প্রদর্শনের মধ্য দিয়ে শেষ হবে এবারের আসর। 

‘আগন্তুক ছাড়াও প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে ‘নয়া মানুষ’ ও ‘উড়াল’। এর মধ্যে ‘নয়া মানুষ’ দেখানো হবে দ্বিতীয় দিনে এবং ‘উড়াল’ চতুর্থ দিনে। এ ছাড়া, অনলাইন প্ল্যাটফর্মে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে ‘নয়া নোট’, ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ ও ‘পাথর হওয়ার গল্প’। 

এ উৎসব প্রসঙ্গে রেইনবো ফিল্ম সোসাইটির সভাপতি আহমাদ মুজতবা জামাল বলেন, ‘অনেক দিন ধরেই এই উৎসব আয়োজন করা হচ্ছে। আশা করছি, এবারও সফল হবে। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ উৎসবটিকে আরও প্রাণবন্ত করবে।’ 

উৎসবে অংশ নেওয়া ‘নয়া মানুষ’–এর নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, ‘আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমা অংশ নিলে গর্ব হয়। ‘নয়া মানুষ’ সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেয়, যা বর্তমান প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ।’ 

আন্তর্জাতিক পরিসরে প্রদর্শিত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ইরানের ‘দে লাভড মি’, রাশিয়ার ‘দ্য মিস্ট্রি অব ব্ল্যাক হ্যান্ড’, ভারতের ‘যত কাণ্ড কলকাতাতেই’ ও ‘গৃহ প্রবেশ’, চীনের ‘দ্য শোর অব লাইফ’ এবং দক্ষিণ কোরিয়ার ‘ড্রেইনড বাই ড্রিম’। এ ছাড়াও, ফিলিপাইনের ‘রেপুব্লিকা এনজি পিলিপিনাস’ ও তাজিকিস্তানের ‘মোহি দার’সহ আরও বেশ কিছু চলচ্চিত্র থাকছে তালিকায়। সমাপনী অনুষ্ঠান ছাড়া জেনেসিস সিনেমা হলে আয়োজিত বাকি সব প্রদর্শনী সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। 

আন্তর্জাতিক এই উৎসবে বাংলাদেশের একাধিক সিনেমার অংশগ্রহণ দেশের চলচ্চিত্র শিল্পের জন্য ইতিবাচক বার্তা হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। 

উল্লেখ্য, উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত ‘আগন্তুক’-এ অভিনয় করেছেন-পূজা চেরী ও শ্যামল মাওলা। অন্য সিনেমা ‘নয়া মানুষ’-এ অভিনয় করেছেন-আশিষ খন্দকার, রওনক হাসান, মৌসুমী হামিদ। জোবায়দুর রহমান পরিচালিত ‘উড়াল’-এ অভিনয় করেছেন-মাহফুজ মুন্না, সোহেল তৌফিক, শান্ত চন্দ্র। অনন্য প্রতীক চৌধুরীর ‘নয়া নোট’-এ অভিনয় করেছেন-নাসিরউদ্দিন খান। আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’-এ অভিনয় করেছেন ববি বিশ্বাস, রকি খান প্রমুখ এবং জাক মীরের ‘দ্য স্টোরি অব অ্যা রক’-এ অভিনয় করেছেন-সাহানা রহমান সুমি, সাফানা নমনী। 

—জা. অর্থনীতি/এনএ