অনলাইন ডেস্ক: ১৫ লাখ ডোজ হামের ভ্যাকসিন দেশে পৌঁছেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্যমন্ত্রী নিজে উপস্থিত থেকে টিকার এই চালান গ্রহণ করেন।
বুধবার (৬ মে) বেলা পৌনে ১২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ ধরনের টিকার এই নতুন চালান পৌঁছায়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম-রুবেলা ও ওরাল পোলিওসহ ১০ ধরনের টিকার নতুন চালান দেশে এসেছে। এই টিকা চলমান নিয়মিত টিকাদান কর্মসূচির সংকট নিরসনে কাজ করবে। সম্প্রতি হামের প্রকোপ বেড়ে যাওয়ায় এই চালানটি জরুরি ভিত্তিতে আনা হয়েছে। এছাড়াও নিয়মিত স্টকের টিকাগুলো ‘জরুরি ক্যাম্পেইনে’ ব্যবহার করায় টিকার সংকট তৈরি হয়।
সরদার সাখাওয়াত হোসেন বলেন, ২৪ দিনের মধ্যে এই টিকা দেশে এনে ইতিহাস গড়েছে সরকার। আগামী ১০ মে’র মধ্যে হামসহ ১০ ধরনের ১ কোটি ৮ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসবে বলে জানান তিনি।
—জা.অর্থনীতি/জেআরটি