না ফেরার দেশে চলে গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্প নির্দেশক ও বিশিষ্ট চিত্রশিল্পী তরুণ ঘোষ। বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র নির্মাতা এন রাশেদ চৌধুরী। তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৭৩ বছর। তিনি স্ত্রী ও এক ছেলে সন্তান রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, অ্যাজমা জনিত জটিলতায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তরুণ ঘোষ। গতকাল রাত পৌনে ১২টার দিকে তার শ্বাসকষ্ট শুরু হলে পরিবারের সদস্যরা তাকে অ্যাম্বুলেন্সে করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
১৯৫৩ সালের ২০ আগস্ট রাজবাড়ীতে জন্মগ্রহণ করেন তরুণ ঘোষ। ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট (বর্তমান চারুকলা অনুষদ) থেকে স্নাতক সম্পন্ন করেন। পরে ১৯৮৬ সালে ভারতের বরোদার এম এস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তিনি ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। তাকে ছাড়া পহেলা বৈশাখ চিন্তা করা যায় না। পহেলা বৈশাখ মানেই শিল্পী তরুণ ঘোষ। মঙ্গল শোভাযাত্রার জন্য বাঘের যে মুখোশ নিয়ে র্যালি বের হয়, তিনি সেই শিল্পকর্মের ডিজাইনার।
তরুণ ঘোষ ১৯৭৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন এবং প্রতিষ্ঠাতা শিক্ষকদের একজন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৮৫ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত তিনি এম এস বিশ্ববিদ্যালয়ের অধীনে ‘ফোক পেইন্টিং রিসার্চ অ্যান্ড ডকুমেন্টেশন প্রোগ্রাম’-এ কাজ করেন। ১৯৮৯ সালে বাংলাদেশ জাতীয় জাদুঘরে যোগ দিয়ে দীর্ঘদিন দায়িত্ব পালন শেষে ২০১২ সালে ‘কিপার’ পদ থেকে অবসর গ্রহণ করেন।
তার আঁকায় মানুষের মনস্তাত্ত্বিক দিক ও এর পৌরাণিক প্রকাশ প্রাধান্য পেয়েছে। মুখকে শিল্পরূপ দেয়ার প্রবণতা থেকে তার ক্যানভাসে, চিত্রে বাংলার লোকঐতিহ্য ও মিথের আধুনিক ব্যবহার দেখা যায়; তার 'বেহুলা' সিরিজ বিশেষভাবে প্রশংসিত। বেহুলায় সবচেয়ে বেশি উঠে এসেছে মুখের ছবি; চেনা-অচেনা মুখ, তার কল্পনায় আসা অনেক মুখ।
চিত্রকলার পাশাপাশি চলচ্চিত্রের শিল্প নির্দেশনায়ও তরুণ ঘোষ অবদান রেখে গেছেন। আবু সাইয়ীদের চলচ্চিত্র ‘কিত্তনখোলা’র জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এ ছাড়া, তারেক মাসুদের ‘মাটির ময়না’, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নরসুন্দর’, এন রাশেদ চৌধুরীর ‘চন্দ্রাবতী কথা’-সহ একাধিক চলচ্চিত্রে শিল্প নির্দেশক হিসেবে কাজ করেছেন। সর্বশেষ তিনি এন রাশেদ চৌধুরীর মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘সখী রঙ্গমালা’-তেও শিল্প নির্দেশনার দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, তরুণ ঘোষের বিখ্যাত ‘বেহুলা’ সিরিজ বিশেষভাবে প্রশংসিত হয় এবং এশিয়ান আর্ট অ্যাওয়ার্ড অর্জন করে।
—জা. অর্থনীতি/এনএ