সাফজয়ী ফুটবল দলকে নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে ভারতকে হারায় তারা। এই গৌরবময় বিজয়ে বাংলাদেশ দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

ফুটবল দলকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশপ্রেম আর টিম স্পিরিটে উজ্জীবিত আমাদের সাহসী তরুণরা প্রমাণ করেছে, ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় এভাবেই অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। 

শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ দল। 

ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার গৃহীত বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে গৃহীত সব পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। এই প্রেক্ষাপটে তরুণদের এই সাফল্য দেশের ক্রীড়ামোদী জনগণকে উজ্জীবিত করবে। 

এ বিজয়ে প্রধানমন্ত্রী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ যুব ফুটবল দলের সব খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। 

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। 

—জা. অর্থনীতি/এনএ