Print Date & Time : 08 November 2026 Sunday 08:41 pm

জাবিতে ১২তম জাতীয় ম্যাথ অলিম্পিয়াড, পুরস্কার পেলেন ৩১ জন

image

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সায়েন্স ক্লাবের আয়োজনে ‘১২তম জেইউএসসি ন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াড-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী এ আয়োজনে গণিত অলিম্পিয়াডের পাশাপাশি রুবিক্স কিউব প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় সাতটি ক্যাটাগরিতে মোট ৩১টি পুরস্কার দেওয়া হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে দুই শিফটে গণিত অলিম্পিয়াডের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে দুটি ক্যাটাগরিতে রুবিক্স কিউব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. শফি মুহাম্মদ তারেক ও অধ্যাপক মো. ফজলুল করিম পাটোয়ারী। এ সময় ক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকরাও উপস্থিত ছিলেন।

পরে বিকেলে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হালিম, অধ্যাপক মো. ফজলুল করিম পাটোয়ারী, প্রভাষক সিয়াম আহমদ, ক্লাবের সাবেক সভাপতি তারেক মাহমুদ ও সাবেক সাধারণ সম্পাদক মুসা।

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের গণিতচর্চায় উৎসাহিত করার পাশাপাশি গণিতভীতি কাটিয়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন। ক্লাবের সভাপতি তারেক আহমেদ বলেন, ‘আমাদের এ আয়োজনের উদ্দেশ্য হচ্ছে গণিতের প্রতি ভালোবাসা সৃষ্টি এবং চিন্তার প্রসারতা বৃদ্ধি করা।’

অধ্যাপক মো. ফজলুল করিম পাটোয়ারী বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানো, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করার অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হালিম বলেন, শিক্ষার্থীদের মধ্যে গণিতভীতি দূর করতে সায়েন্স ক্লাবের এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে। এ ধরনের আয়োজনের জন্য তিনি ক্লাবকে সাধুবাদ জানান।

—জা. অর্থনীতি/এনজে