Print Date & Time : 08 November 2026 Sunday 12:14 pm

একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠছে জাপান

image

আন্তর্জাতিক ডেস্ক: জাপানে আবারও ভূমিকম্পের আতঙ্ক! মধ্যাঞ্চলে ভোররাতে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে বিস্তীর্ণ এলাকা। এতে অন্তত ২৪ জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন দোকান ও ভবন। সাময়িকভাবে ব্যাহত হয়েছে দ্রুতগতির শিনকানসেন বুলেট ট্রেনসহ আঞ্চলিক রেল চলাচল।

রবিবার (৮ নভেম্বর) স্থানীয় সময় রাত ১টা ৪ মিনিটে টোকিওর পশ্চিমে শিজুওকা প্রিফেকচারে ভূমিকম্পটি আঘাত হানে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। আইচি অঞ্চলে ১৬ জন আহত হয়েছেন। অন্যদিকে, প্রতিবেশী শিজুওকায় অন্তত তিন নারী চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে নব্বইোর্ধ্ব এক নারীও রয়েছেন। কম্পনের সময় বিছানা থেকে পড়ে তিনি কাঁধে আঘাত পান।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, আইচি ও শিজুওকা মিলিয়ে আহতের সংখ্যা অন্তত ২৪। তোয়োহাশি শহরে একটি গাড়ির শোরুমের জানালার কাচ ভেঙে গেছে। তোয়োটার একটি বড় বইয়ের দোকানে তাক থেকে বই ও অন্যান্য পণ্য নিচে পড়ে যায়।

ভূমিকম্পের কম্পন ওসাকা পর্যন্ত অনুভূত হয়েছে। সেখানে একটি আবাসিক ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে এক বিদেশি বাসিন্দাকে হাসপাতালে নেওয়া হয়।

এদিকে, একই দিন সকাল ১০টা ৫৩ মিনিটে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুমামোতো এলাকায় ৪ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। তবে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ার অঞ্চলে অবস্থিত জাপানে প্রতিবছর শত শত ভূমিকম্প হয়।

জা.অর্থনীতি/এসআই